পুষ্পরথ সাজাবো সখী, হবো তোমার কৃষ্ণ
সপ্তরঙের পদ্ম পানে হৃদয় হবে উষ্ণ,
প্রেমের অঞ্জলি যতো লুটাবো চরনে
পুষ্পবৃষ্টি ঝরাবো দেখো তোমায় বরনে।
কুঞ্জবনে প্রতিক্ষাতে কাটবে যখন প্রহর
মুখের পানে চেয়ে মনের ভাব হবেনা ঠাওর,
পুষ্পসাজে মান ভাঙাবে প্রিয়দর্শিনী
পুষ্পবানের আঘাত এমন করবে বুঝিনি।
পরিস্ফুটন হবে প্রেমের পুষ্পরেণুর মতো
ধীরেধীরে মিলিয়ে যাবে পুষ্পশরের ক্ষত,
পদ্মাবতী রূপে তুমি, আমি হবো কানাই
পদ্মপাতায় পুষ্পরসে প্রনয়কাব্য বানাই।