দোল : শান্তিনিকেতন – জয় গোস্বামী

দোল : শান্তিনিকেতন – জয় গোস্বামী

বকুল শাখা পারুল শাখা
তাকাও কেন আমার দিকে?

মিথ্যে জীবন কাটলো আমার
ছাই লিখে আর ভস্ম লিখে –

কী ক’রে আজ আবীর দেবো
তোমাদের ওই বান্ধবীকে !

শান্ত ব’লে জানতে আমায় ?
কলঙ্কহীন, শুদ্ধ ব’লে ?
কিন্তু আমি নরক থেকে
সাঁতরে এলাম

তখন আমার শরীর থেকে
গরম কাদা গড়িয়ে পড়ছে
রক্ত-কাদা

হঠাৎ তোমায় দেখতে পেলাম
বালিকাদের গানের দলে

সত্যি কিছু লুকোচ্ছি না ।

প্রাচীন তপোবনের ধারে
তোমার বাড়ি

কখন যাবো ? – ঘুম পাচ্ছে –
বলো কখন মুখ রাখবো
তোমার কোলে !
বারণ করবে ?

Leave a Comment