গ্রন্থাগার, বিদ্যালয়ের গ্রন্থাগার প্রতিবেদন রচনা । Essay on Library

গ্রন্থাগার হলো জ্ঞানপিপাসু মানুষের অকৃত্রিম বন্ধু এবং ভাব-চিন্তার অফুরন্ত ভাণ্ডার। এটি কেবল বইয়ের সংরক্ষস্থল নয়, বরং অতীত ও বর্তমানের জ্ঞান, মনন এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের সাথে সংযুক্ত করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিটি বই, প্রতিটি পৃষ্ঠা মানুষের অভিজ্ঞতা, চিন্তা ও ধ্যানকে সংরক্ষণ করে, যা গ্রন্থাগারের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়।

বিদ্যালয়ের গ্রন্থাগার শিক্ষার্থীদের জীবনের জন্য জ্ঞান, অনুপ্রেরণা এবং মননের বিকাশের কেন্দ্রবিন্দু। শ্রেণিকক্ষে সীমিত জ্ঞান ও শিক্ষার পরিধিকে এটি বিস্তৃত করে, নতুন দিগন্তের পথ প্রদর্শন করে। বইয়ের মধ্যে লুকিয়ে থাকা মনীষীদের চিন্তা, দেশের ও বিশ্বের ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান শিক্ষার্থীদের কল্পনাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়—

“কে জানিত মানুষ
অতীতকে বর্তমানে বন্দি করিবে?
অতলস্পর্শ কালসমুদ্রের ওপর কেবল এক একখানি বই দিয়া সাঁকো বাধিয়া দিবে।”

এই ভাবেই গ্রন্থাগার অতীতের জ্ঞানকে বর্তমানের শিক্ষার্থীর জন্য প্রাপ্য করে তোলে। এটি শিক্ষার্থীদের জ্ঞানপিপাসা মন পূর্ণ করার, চিন্তা বিকাশের, প্রশ্নের উত্তর খোঁজার এবং সৃজনশীলতার উদ্দীপনা অর্জনের অপরিহার্য মাধ্যম।

বিদ্যালয়ের গ্রন্থাগার শুধু শিক্ষার্থীর শিক্ষাগত উন্নয়নের স্থান নয়, বরং তাদের মননশীলতা, চরিত্রগঠন, সাংস্কৃতিক বোধ এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিটি পাঠক এখানে এসে খুঁজে পায় নিজের আগ্রহ ও অনুসন্ধিৎসার খোরাক, যা তাদের জীবনের পথে প্রেরণা, দিশা ও শক্তি যোগায়।

সংক্ষেপে, গ্রন্থাগার হলো জ্ঞান, ভাবনা এবং সভ্যতার সেতুবন্ধন, যা শিক্ষার্থীর জীবন ও সমাজকে সমৃদ্ধ করে, মানব মননকে প্রসারিত করে এবং জাতিকে উন্নতির পথে পরিচালিত করে।

গ্রন্থাগার, বিদ্যালয়ের গ্রন্থাগার প্রতিবেদন রচনা

বিদ্যালয়ের গ্রন্থাগার রচনার ভূমিকা:

যুগ-যুগান্তরের অগণিত মানুষের ভাবৈশ্বর্যের এক অফুরন্ত ভাণ্ডার হলাে গ্রন্থাগার জ্ঞানপিপাসু মানুষের অকৃত্রিম বন্ধু এ গ্রন্থাগার। শত শতাব্দীর মনীষীদের ভাব ও জ্ঞানের ডালি সাজিয়ে গ্রন্থাগার নিঃশব্দে আমন্ত্রণ জানিয়ে চলেছে বিশ্বমানকে। কালের প্রবাহে মানুষ আসে, আবার চলেও যায়। কিন্তু তার ধ্যানধারণা, অভিজ্ঞতা, চিন্তাভাবনা সে লিপিবদ্ধ করে যায় বইয়ে গ্রন্থাগার সে বই সংরক্ষণ করে এবং পরবর্তী প্রজন্মের সাথে হারিয়ে যাওয়া প্রজন্মের পরিচয় ঘটিয়ে দেয়।

গ্রন্থাগার কী:

গ্রন্থাগার বিচিত্র জ্ঞানের, বিচিত্র ভাবের শাশ্বত ভাণ্ডার মানুষের চিন্তার অমূল্য সম্পদ গ্রন্থাগারে সঞিত থাকে। সভ্যতার সূচনা লগ্নের মানবহৃদয়ের কলতান যেমন এখানে সঞ্চিত থাকে, তেমনি সঞ্চিত থাকে বর্তমান মানবহৃদয়ের উত্থান-পতন। তাই গ্রন্থাগার রচনা করে অতীত-বর্তমান-ভবিষ্যতের সেতুবন্ধন । রবীন্দ্রনাথের ভাষায়—

‘কে জানিত মানুষ
অতীতকে বর্তমানে বন্দি করিবে? অতলস্পর্শ কালসমুদ্রের ওপর কেবল এক একখানি বই দিয়া সাঁকো বাধিয়া দিবে ।’

গ্রন্থাগার ভাব তৃষিত ও জ্ঞানপিপাসু মানুষুের হৃদয় ও মনের ক্ষুধা দূর করার অসাধারণ ও বিপুল আয়ােজন। যেখানে এসে এক হৃদয়ের নীরব সান্নিধ্যে অন্য হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে।

গ্রন্থাগার নবজাগরণের উৎস:

গ্রন্থাগার কালের নীরব সাক্ষী। তাতে বন্দি হয়ে আছে কত ভাবুক কত মনীষীর ভাব-চিন্তা, দেশবিদেশের কত ঘটনাপ্রবাহ, কত বিপ্লব ও সামাজিক অগ্রগতির ইতিহাস। যা মানবহৃদয়ে প্রেরণার সার করে, দেয়। পথনির্দেশনা, গ্রন্থাগারের মাধ্যমেই পাওয়া যায় নবসৃষ্টির উদ্দীপনা, নানা দুরূহ জিজ্ঞাসার উত্তর শত শত মনীষীর ভাব-চিন্তার সার ঘটিয়ে, ইতিহাসের নানামুখী ঘটনার সাথে পরিচয় ঘটিয়ে গ্রন্থাগার নবজাগরণে উদ্দীপ্ত করে মানবহৃদয়কে, পরিচালিত করে এক নতুন প্রভাতের অভিমুখে।

গ্রন্থাগারের উদ্ভব:

গ্রন্থাগারের ইতিহাসে দেখা যায়, এর প্রথম ধারণা দেন রােমান সম্রাট জুলিয়াস সিজার । তার আদেশে মার্কাস নামক একজন সুলেখক গ্রন্থাগারের ওপর রচনা করেন একটি গবেষণাগ্রন্থ । এর পাঁচ বছর পরেই তৈরি হয় গ্রন্থাগার। তবে এর আগেও গ্রন্থাগারের নিদর্শনের প্রমাণ পাওয়া যায়।

প্রায় সাড়ে চার হাজার বছর আগে ব্যাবিলনের নিপ্পর শহরের মন্দিরে এ ধরনের নিদর্শন পাওয়া যায়। অ্যাসিরিয়া রাজ আশুরবানিপালের নিজস্ব গ্রন্থাগারে সঞ্চিত পােড়ামাটির গ্রন্থ পাওয়া যায়। তবে খ্রিস্টপূর্ব চার শ বছর আগে গ্রিক শাসনকর্তা টলেমি প্রতিষ্ঠিত গ্রন্থাগারই প্রাচীনকালের বৃহত্তম গ্রন্থাগার । উদ্ভবকালীন গ্রন্থাগারের ইতিহাসে যাদের নাম পাওয়া যায় তারা সবাই ছিলেন দিগ্বিজয়ী, শাসক বা প্রশাসক।

গ্রন্থাগারের অতীত ও বর্তমান অবস্থা:

সভ্যতার সূচনালগ্ন থেকেই স্বনামধন্য ব্যক্তিগণ অত্যন্ত যত্ন সহকারে গ্রন্থ সংরক্ষণে ভূমিকা রাখেন। ব্যাবিলন, আসিরিয়া, আলেকজান্দ্রিয়া, নালন্দা, তক্ষশীলা ও বিক্রমশীলা প্রভৃতি স্থানে প্রাপ্ত গ্রন্থাগার তাদের উন্নত মানসিকতারই পরিচয় বহন করে। অথচ মধ্যযুগে এসে দেখা গেল বিজেতা জাতি বিজিতের গ্রন্থাগারের ধ্বংস সাধনে ব্যস্ত ।

উদ্দেশ্য বিজিতের ধর্ম ও সংস্কৃতিকে ধ্বংস করা। এ হিংসােন্মুখ মানসিকতায় ভস্মীভূত হয়েছে বহু বছরের সংগৃহীত অমূল্য সম্পদ। যেমন— ধ্বংস হয়েছে আলেকজান্দ্রিয়ার সুবিশাল গ্রন্থাগার, বাগদাদে বায়তুল হিকমাহ গ্রন্থাগার। বর্তমানে গ্রন্থাগার মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত একটি নাম। সরকারি, বেসরকারি উদ্যোগে পরিচালিত হয় গ্রন্থাগার। আধুনিক মানুষ তাদের প্রাত্যহিকতার একটি অনুষঙ্গ হিসেবেই গ্রন্থাগারকে মূল্যায়ন করে।

কিন্তু আজও স্বার্থান্বেষী মহলের হিংসাবহ্নি থেকে গ্রন্থাগার রেহাই পায় না। অতি সম্প্রতি আমেরিকা তাদের বর্বরতায় ধ্বংস করল ইরাকের ঐতিহ্য ও মূল্যবান গ্রন্থাগার। তবে এটা ঠিক যে, সচেতন জ্ঞানানুরাগী মানুষের মনে গ্রন্থাগার এক অমূল্য অবস্থান নিয়েছে প্রাচীনকালে বিদ্যানুরাগী মানুষ জ্ঞানপিপাসা মেটানাের জন্য ছুটে যেতেন দেশ হতে দেশান্তরে। আর বর্তমানে গ্রন্থাগার সে কষ্ট দূর করে বিশ্বের জ্ঞানভাণ্ডারকে আমাদের হাতে পৌছে দিয়েছে।

গ্রন্থাগারের শ্রেণিবিভাগ:

গ্রন্থের ভাণ্ডারই হলাে গ্রন্থাগার । এ গ্রন্থাগার হতে পারে ব্যক্তিগত, হতে পারে রাষ্ট্রীয় । ব্যক্তিগত গ্রন্থাগারে ব্যক্তির নিজস্ব রুচি ও চাহিদা অনুযায়ী বইয়ের সমাবেশ ঘটে। অন্যদিকে, রাষ্ট্রীয় গ্রন্থাগার সাধারণের জন্য উন্মুক্ত। তাই সেখানে সাধারণের পছন্দ-অপছন্দ গুরুত্ব পায়। ব্যক্তিগত গ্রন্থাগারে গ্রন্থ সংখ্যা কম থাকে, সাধারণ গ্রন্থাগারে থাকে প্রচুর সংগ্রহ। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় গ্রন্থাগার ছাড়াও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার থাকে। আবার বেসরকারি উদ্যোগেও অনেকসময় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। এগুলাে সাধারণ গ্রন্থাগার হিসেবেই বিবেচিত।

গ্রন্থাগারের গুরুত্ব:

গ্রন্থাগারে এক সঙ্গে বিচিত্র বইয়ের সমাবেশ ঘটে। বিচিত্র ভাব, বিচিত্র চিন্তা, বিচিত্র অভিজ্ঞতার অফুরন্ত উৎস ভাণ্ডার গ্রন্থাগার । তাই জ্ঞানান্বেষী মানুষ আপন মনের খােরাক সহজেই এখানে খুঁজে পায়। জীবনসংগ্রামে লিপ্ত ক্লান্ত মানুষ গ্রন্থের এ বিচিত্র আয়ােজনে খুঁজে পায় এক অনির্বচনীয় আনন্দপূর্ণ প্রাণস্পন্দন। ‘ঐকতান’ কবিতায় রবীন্দ্রনাথ আপন জ্ঞানের অপূর্ণতার কথা বলেছেন এভাবে-

‘বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি!
দেশে দেশে কত না নগর রাজধানী
মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু,
কত না অজানা জীব, কত না অপরিচিত তরু
রয়ে গেল অগােচরে। বিশাল বিশ্বের আয়ােজন;
মন মাের জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ।

মানুষের জ্ঞানের এ অপূর্ণতাকে পূর্ণতায় ভরিয়ে দিতে পারে বই। দেশ-বিদেশের হাজার হাজার মনীষীর অমূল্য গ্রন্থে গ্রন্থাগার সমৃদ্ধ। তাই মানুষের অনুসন্ধিৎসু মন গ্রন্থাগারে এসে খুঁজে পায় কাঙ্ক্ষিত খােরাক। একই ব্যক্তির পক্ষে চাহিদা অনুযায়ী সকল বই কেনা সম্ভব হয় না। এক্ষেত্রে গ্রন্থাগারই তার ভরসাকেন্দ্র।

ফলে মানুষের জানার ভাণ্ডারকে পূর্ণ করতে গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম। একটি জাতিকে উন্নত, শিক্ষিত ও সংস্কৃতিবান হিসেবে গড়ে তােলার ক্ষেত্রে গ্রন্থাগার উল্লেখযােগ্য ভূমিকা রাখে। তাছাড়া বিভিন্ন বয়সের পাঠক গ্রন্থাগারে একত্রে পাঠগ্রহণ করে বলে তাদের মধ্যে গড়ে ওঠে আন্তরিকতা, একতা, এক্ষেত্রে বিচারপতি ও লেখক মুহাম্মদ হাবিবুর রহমানের উক্তি প্রণিধানযােগ্য গ্রন্থাগারের মাধ্যমে মানুষের মধ্যে গড়ে ওঠে সংহতি যা দেশগড়া কিংবা রক্ষার কাজে রাখে অমূল্য অবদান। সুতরাং, ব্যক্তিগত ও জাতীয় জীবনে গ্রন্থাগারের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য।

ছাত্রজীবনে গ্রন্থাগারের ভূমিকা

প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষার্থীদেরকে জ্ঞানের নতুন দিগন্ত পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু গ্রন্থাগার তাদের দেয় জ্ঞানের অগ্রগতির অসীম ঠিকানা। শ্রেণিকক্ষের সীমিত পরিসরের মধ্যে যে জ্ঞান অর্জন হয়, তার সমৃদ্ধি প্রদান করে গ্রন্থাগার। ছাত্রজীবনে গ্রন্থাগারের ভূমিকা তাই অপরিসীম।

  • গ্রন্থাগারে শিক্ষার্থীরা খুঁজে পায় তাদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর
  • শত শত মনীষীর চিন্তাভাবনা ও অভিজ্ঞতা পড়ে তারা মানসিক ও বৌদ্ধিক শক্তি অর্জন করে
  • এটি শিক্ষার্থীদের জীবন গঠনে প্রেরণা যোগায় এবং তাদেরকে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার উদ্দীপনা দেয়।

অতীত ও বর্তমানের বিখ্যাত গ্রন্থাগার

গ্রন্থাগারের ইতিহাসে কিছু বিশেষ স্থানের নাম বিশেষভাবে স্মরণীয়:

  • প্রাচীন যুগ: মিশরের আলেকজান্দ্রিয়া জাদুঘর, যা প্রাচীন বিশ্বের জ্ঞানচর্চার এক প্রধান কেন্দ্র ছিল।
  • আধুনিক যুগ:
    • ব্রিটেনের ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি
    • মস্কোর লেনিন লাইব্রেরি
    • ফ্রান্সের বিবলিওথেক ন্যাশনাল লাইব্রেরি
    • আমেরিকার লাইব্রেরি অব কংগ্রেস
    • ভারতের কলকাতার ন্যাশনাল লাইব্রেরি

এই গ্রন্থাগারগুলো শিক্ষার্থীদের, গবেষকদের ও সাধারণ মানুষকে জ্ঞান অর্জনের অপার সুযোগ প্রদান করে।

বাংলাদেশের গ্রন্থাগার

বাংলাদেশে শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে গ্রন্থাগারের সংখ্যা ও গুরুত্বও বৃদ্ধি পেয়েছে

  • ১৯৫৩ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, যা দেশজুড়ে গ্রন্থাগারের প্রসারে ভূমিকা রাখে।
  • এর সহায়তায় শতাধিক সরকারি ও বেসরকারি গ্রন্থাগার দেশের বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে।
  • বর্তমানে দেশে ৬৮টি সরকারি গ্রন্থাগার এবং ৮৮৩টি বেসরকারি গ্রন্থাগার রয়েছে।
  • এছাড়াও গণ-উন্নয়ন পাঠাগারের অধীনে ২৭টি গ্রন্থাগার পরিচালিত হচ্ছে।
  • বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় পরিচালিত লাইব্রেরির মধ্যে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি বিশেষভাবে উল্লেখযোগ্য।

উপসংহার

গ্রন্থাগার হলো বহু মানুষের সম্মিলিত প্রতিষ্ঠান, যা বিশ্বের জ্ঞানপিপাসু মানুষের ভাব মিলনকেন্দ্র। এখানে সঞ্চিত থাকে জাতির ঐতিহ্য, হৃদয়ের স্পন্দন ও জ্ঞানভাণ্ডার

  • গ্রন্থাগার শিক্ষার্থীদের ও সাধারণ মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি দেয়

  • এটি জাতিকে সমৃদ্ধ ও শিক্ষিত করে গড়ে তোলে

  • গ্রন্থাগারের প্রসার বাড়ানো এবং গ্রন্থাগার আন্দোলনকে শহর থেকে গ্রামে পৌঁছে দেওয়া হলে, তা দেশের জাতীয় জীবনে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment