আমাদের দেশ প্রতিবেদন রচনা । Bangladesh Essay

“বাংলাদেশ, আমাদের দেশ”, অথবা “আমার স্বপ্নের বাংলাদেশ”, কিংবা “আমার জন্মভূমি”—এই বিষয়গুলো নিয়ে প্রতিবেদন রচনা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিচিত একটি অনুশীলন। দেশের ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনধারাকে কেন্দ্র করে এ ধরনের রচনা শিক্ষার্থীদের দেশপ্রেম ও চিন্তাশক্তি বিকাশে সহায়তা করে।

নিচে “বাংলাদেশ, আমাদের দেশ” বিষয়ক একটি প্রতিবেদন রচনার নমুনা দেওয়া হলো। শিক্ষার্থীরা এই নমুনাটি মনোযোগসহকারে পড়ে বিষয়বস্তুর মূল ধারণা বুঝবে এবং তারপর নিজস্ব ভাষা, ভাবনা ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিজের মতো করে প্রতিবেদনটি রচনা করবে। নমুনাটি কেবল দিকনির্দেশনা হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে, মুখস্থ করার জন্য নয়।

আমাদের দেশ রচনার ভূমিকা:

সবুজে মোড়া শস্যক্ষেত্র, উর্বর মাটি আর অনিন্দ্যসুন্দর প্রকৃতির সমন্বয়ে গড়ে উঠেছে আমার প্রিয় বাংলাদেশ। ছয় ঋতুর আবর্তনে এই দেশের প্রকৃতি কখনো রঙিন, কখনো স্নিগ্ধ, আবার কখনো উদাস হয়ে নানা রূপে আমাদের সামনে ধরা দেয়। নদী, মাঠ, বন আর আকাশের মেলবন্ধনে গঠিত এই মনোরম পরিবেশ আমাদের মন ও মননকে গভীরভাবে আলোড়িত করে।

যদিও স্বাধীনতার বহু বছর অতিক্রান্ত হয়েছে, তবুও এখনো আমরা কাঙ্ক্ষিত আদর্শ বাংলাদেশকে পুরোপুরি বাস্তবায়িত করতে পারিনি। প্রকৃতির অফুরন্ত সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে, সুপরিকল্পিত উন্নয়ননীতি গ্রহণ করে এবং দীর্ঘমেয়াদি চিন্তাভাবনার মাধ্যমে গড়ে তুলতে হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ—একটি সমৃদ্ধ, মানবিক ও টেকসই রাষ্ট্র।

স্বপ্নের বাংলাদেশের অভ্যুত্থান:

প্রায় দুইশ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটলেও বাঙালির প্রকৃত মুক্তি তখনও আসেনি। ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির ফলে তৎকালীন বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। কিন্তু এই নতুন রাষ্ট্রব্যবস্থায় বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি নিশ্চিত হয়নি। বরং পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে বাঙালিদের ভাষা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক অধিকারকে দমন করতে শুরু করে।

শোষণের প্রথম আঘাত আসে ভাষার ওপর। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টার বিরুদ্ধে বাঙালি জাতি প্রতিবাদে সোচ্চার হয়। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির জাতীয়তাবাদের প্রকৃত উন্মেষ ঘটে। ভাষার অধিকারের সংগ্রাম ক্রমে রূপ নেয় রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনে।

১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল জনসমর্থনে বিজয়ী হয়ে সরকার গঠন করলেও কেন্দ্রীয় শাসকগোষ্ঠী সেই সরকারকে টিকতে দেয়নি। পরবর্তীতে ১৯৫৮ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট সামরিক শাসন জারি করে গণতন্ত্রকে স্তব্ধ করে দেন এবং বাঙালির ওপর দমন-পীড়ন আরও তীব্র হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান পাকিস্তানি শাসনব্যবস্থাকে কাঁপিয়ে তোলে এবং এর ফলে প্রেসিডেন্ট আইয়ুব খান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন।

ক্ষমতা গ্রহণের পর জেনারেল ইয়াহিয়া খান জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তাদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দেওয়া হয়নি। এই অবিচারের প্রতিবাদে বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিকে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

পাকিস্তানি শাসকগোষ্ঠী পরিস্থিতি সামাল দিতে না পেরে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে পূর্ব পাকিস্তানে নৃশংস গণহত্যা শুরু করে। ওই রাতেই, অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে গ্রেপ্তার হওয়ার পূর্বমুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তীতে ২৭ মার্চ ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে সেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।

বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ, অগণিত শহিদের আত্মত্যাগ এবং অসীম ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করে। এই স্বাধীনতা ছিল বাঙালি জাতির দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত সাফল্য এবং স্বপ্নের বাংলাদেশের অভ্যুত্থানের ঐতিহাসিক পরিণতি।

আমার স্বপ্নের বাংলাদেশ:

যে আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন ও চেতনাকে বুকে ধারণ করে বাংলার মানুষ ১৯৭১ সালে জীবন উৎসর্গ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই স্বপ্ন আজও সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি—এ কথা অস্বীকার করার উপায় নেই। মুক্তিযুদ্ধের মূল প্রেরণা ছিল একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠন; যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক শোষণ থাকবে না, শিক্ষা ও স্বাস্থ্যসেবা হবে সবার জন্য সহজলভ্য, এবং প্রতিটি নাগরিক মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারবে।

স্বাধীনতার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণের পথে এখনও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। দারিদ্র্য, বৈষম্য, দুর্নীতি, বেকারত্ব, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতি—এসব সমস্যা আমাদের জাতীয় অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করেছে। তবু একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে; অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল সংযোগ এবং সামাজিক সূচকে অগ্রগতি আমাদের আশাবাদী করে তোলে।

দুর্নীতিমুক্ত সমাজ:

আমার স্বপ্নের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। এজন্য সমাজ থেকে দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে হবে। দুর্নীতির কুফল সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতিকারীদের যথাযথ শাস্তি দিতে হবে। নিজে দুর্নীতি করব না এবং অপরকেও দুর্নীতি করতে দেব না এমন মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। তবেই দুর্নীতির করাল গ্রাস থেকে রেহাই পাবে বাংলাদেশ।

নিরক্ষরতামুক্ত সমাজ গঠন:

বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত। তারা প্রাথমিক শিক্ষাও অর্জন করতে পারে না। এসব নিরক্ষর মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। নিরক্ষরতা দূরীকরণে বর্তমান সরকারকে কাজ করতে হবে এবং শিক্ষিত জনসমাজকে এগিয়ে আসতে হবে।

জনসংখ্যা নিয়ন্ত্রণ:

স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র ৭ কোটি। বর্তমানে জনসংখ্যা প্রায় ১৬ কোটি। ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের উপর চাপ সৃষ্টি হচ্ছে। এ চাপ কমাতে হলে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি:

বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন-শৃঙ্খলার উন্নতি করতে হবে। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। মানুষ যাতে আইন-শৃঙ্খলা ভঙ্গ না করে, দুর্নীতি না করে, ঘুষ না খায়, সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট না করে, ধ্বংসাত্মক কাজ না করে সেদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ দৃষ্টি দিতে হবে। তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তবেই আমরা স্বপ্নের বাংলাদেশের পানে এগিয়ে যাব।

কর্মসংস্থান বৃদ্ধি:

বাংলাদেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সে হারে কর্মক্ষেত্র বাড়ছে না। ফলে বাংলাদেশে বেকারের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এসব বেকারদের উপযুক্ত কর্মসংস্থান করতে হবে। এতে দেশের অগ্রগতির সূচনা হবে এবং স্বনির্ভর হবে।

ক্ষুদ্র ও কুটির শিল্পের পুনরুজ্জীবন:

প্রাচীনকাল থেকে বিশ্বব্যাপী বাংলাদেশের কুটির শিল্পে তৈরি পণ্যদ্রব্যের খ্যাতি ছিল। বর্তমানেও আন্তর্জাতিক বাজারে এর বিপুল চাহিদা রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে আজ এ শিল্পের অস্তিত্ব বিলুপ্ত হতে চলেছে। আমাদের প্রাচীন এ ঐতিহ্যের গৌরব ফিরিয়ে আনতে হবে। এ শিল্পকে পুনরায় উজ্জীবিত করতে হবে। এ শিল্পে বিনিয়োগ করলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতে পারে।

কারিগরী শিক্ষার প্রসার:

বাংলাদেশে কারিগরী শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। কারিগরী শিক্ষায় শিক্ষিত ও প্রশিক্ষিত হলে বেকার যুবকরা তাদের কর্মসংস্থান তৈরি করে নিতে পারবে। তারা আর দেশের বোঝা হবে না। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে অংশ নিবে।

আধুনিক প্রযুক্তির ব্যবহার:

বর্তমান বিশ্ব আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল। বাংলাদেশকে ‘ডিজিটাল বাংলাদেশ’- এ পরিণত করতে হবে। দেশের সর্বক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে হবে। অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষি, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-বীমা প্রভৃতি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।

চিকিৎসাক্ষেত্রে উন্নতি:

বাংলাদেশের মানুষ এখনও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। তারা চিকিৎসার জন্য ডাক্তার পাচ্ছে না। সরকারি হাসপাতালেও ডাক্তাররা ঠিকমতো সেবা দিচ্ছে না। আবার হাসপাতালও জনসংখ্যার অনুপাতে খুবই কম। চিকিৎসক ও হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে আর বিনা চিকিৎসায় যেন একটি প্রাণও ঝরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

কৃষির উন্নতি:

বাংলাদেশের মানুষের প্রধান উপজীবিকা কৃষি হলেও কৃষিক্ষেত্রে বাংলাদেশ অনগ্রসর। এখনও এদেশে প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের কৃষি উৎপাদন বাড়ছে না। তাই আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করে কৃষির উন্নতি ঘটাতে হবে।

বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি:

বর্তমান বিশ্বের প্রায় সকল কর্মকা- এখন বিদ্যুৎ শক্তির উপর নির্ভরশীল। অফিস, আদালত, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, কল-কারখানা ইত্যাদি সর্বক্ষেত্রেই বিদ্যুতের ব্যবহার অত্যাবশ্যক। বিদ্যুৎ ছাড়া উৎপাদনমুখী কর্মকা- চালানো সম্ভব নয়। এই কর্মকান্ডের গতিকে ত্বরান্বিত করতে বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে। বিদ্যুৎ ঘাটতি দূর করে বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি করতে হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নতি:

মানুষের জীবনযাত্রার মানের সাথে যোগাযোগ ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। কোনো দেশের সার্বিক উন্নয়ন যোগাযোগের উপর নির্ভর করে। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে মানুষের যাতায়াত সহজ ও দ্রুততর হবে। পণ্যের আদান-প্রদান, ব্যবসা-বাণিজ্যের প্রসার, সময়ের অপচয় রোধ প্রভৃতি কাজ মানুষ সহজেই করতে পারবে। ফলে দেশের সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হবে।

অসাম্প্রদায়িক নীতি:

বাংলাদেশের নানা জাতি-ধর্ম-বর্ণের লোক বাস করে। তাদের সবাইকে অসাম্প্রদায়িক দৃষ্টিতে দেখতে হবে। কোনো ধরণের বৈষম্য করা যাবে না। সবাই মিলেমিশে সংঘবদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে।

প্রকৃত গণতন্ত্রের চর্চা:

বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এদেশের জনগণকে গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। গণতন্ত্রের সুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। এ দেশে গণতন্ত্র থাকলেও প্রকৃত গণতন্ত্র চর্চার অভাব রয়েছে তাই প্রকৃত গণতন্ত্র চর্চার মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ তৈরিতে সকলকে এগিয়ে আসতে হবে।

উপসংহার:

উপরোক্ত স্বপ্নগুলো বাস্তবায়িত হলে এদেশের কোনো মানুষকে ক্ষুধার সাথে সংগ্রাম করে বাঁচতে হবে না, মারা যাবে না কেউ চিকিৎসার অভাবে। সবার মধ্যে আধুনিকতার ছোঁয়া লাগবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে আমার স্বপ্নের বাংলাদেশ। তবেই এ দেশ হবে বিশ্বের অন্যতম সুখী সমৃদ্ধ ও উন্নত দেশ।

Leave a Comment