কতরাত তুমি জেগেছ শিয়রে
দেখেছি তোমার উদ্বিগ্ন আঁখি
চোখ মেলে নির্ঘুম রাতে।
বাদুর ডানার মতো-
সারারাত দোলে তালপাখা টা
তোমার পুণ্য হাতে।আশৈশব আজো নিঃশ্বাসে
তোমার দেহের ঘ্রাণ।
শ্যামল মায়াবী আঁচলে বেধেছ
সারাটা জীবন।
অসীম মমতায় ছড়িয়েছ জ্ঞান
জাত-পাত ভুলে অনন্তকাল।তোমার সেলফে সাজান আজো
গুলিস্তাঁ-বোস্তা।
হাফিজের বাণী, সাদি-জামি হয়ে
পথখুঁজে নেয় বুলবুলি পাখা।
তুমিই শোনালে পরম আদরে
অমর পঙতিমালা-“আগার আ-তুর্কে সিরাজী
বদাস্ত আয়াদ দেলেমারা।
বখালে হিন্দুহাস বখসাম
সমরকন্দো-বোখারারা”।অমরাবতীর যাচিনা জীবন
তোমার আশিস শিরে লভি যেন।
আজো ভালোবাসি, বড় ভালোবাসি
গুরুজী তোমায়।
দুঃখ যদি পাও কোনদিন
ক্ষমিও অধমে, ক্ষমিও আমায়।