তেজিয়ান – সুকুমার রায়
চলে খচ্খচ্ রাগে গজ্গজ্ জুতা মচ্মচ্ তানে,
ভুরু কট্মট্ ছড়ি ফট্ফট্ লাথি চট্পট্ হানে ।
দেখে বাঘ-রাগ লোকে ‘ভাগ্ ভাগ্’ করে আগভাগ থেকে,
বয়ে লাফ ঝাঁপ বলে ‘বাপ্ বাপ্’ সরে হাবভাব দেখে ।
লাথি চার চার খেয়ে মার্জার ছোটে যার যার ঘরে,
মহা উৎপাত ক’রে হুটপাট্ চলে ফুটপাথ্ পরে ।
ঝাড়ুবর্দার হারুসর্দার ফেরে ঘরদ্বার ঝেড়ে,
তারি বালতিএ- দেখে ফাল্ দিয়ে আসে পালটিয়ে তেড়ে
রেগে লালমুখে হেঁকে গাল রুখে মারে তাল ঠুকে দাপে
মারে ঠন্ ঠন্ হাড়ে টন্ টন্ মাথা ঝন ঝন কাঁপে
পায়ে কাল্সিটে কেন বালতিতে মেরে চাল্ দিতে গেলে ?
বুঝি ঠাং যায় খোঁড়া ল্যাংচায় দেখে ভ্যাংচায় ছেলে ।