পথ হাঁটা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর “জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ” সংকলনের অংশ।
পথ হাঁটা কবিতা – জীবনানন্দ দাশ
কি এক ইশারা যেন মনে রেখে এক-একা শহরের পথ থেকে পথে
অনেক হেঁটেছি আমি; অনেক দেখেছি আমি ট্রাম-বাস সব ঠিক চলে;
তারপর পথ ছেড়ে শান্ত হ’য়ে চ’লে যায় তাহাদের ঘুমের জগতে:
সারা রাত গ্যাসলাইট আপনার কাজ বুঝে ভালো ক’রে জ্বলে।
কেউ ভুল করেনাকো— ইঁট বাড়ি সাইনবোর্ড জানালা কপাট ছাদ সব
চুপ হ’য়ে ঘুমাবার প্রয়োজন বোধ করে আকাশের তলে।
এক-একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয়ে করেছি অনুভব;
তখন অনেক রাত— তখন অনেক তারা মনুমেণ্ট মিনারের মাথা
নির্জনে ঘিরেছে এসে; মনে হয় কোনোদিন এর চেয়ে সহজ সম্ভব
আর-কিছু দেখেছি কি: একরাশ তারা-আর-মনুমেণ্ট-ভরা কলকাতা?
চোখ নিচে নেমে যায়— চুরুট নীরবে জ্বলে— বাতাসে অনেক ধুলো খড়;
চোখ বুজে একপাশে স’রে যাই— গাছ থেকে অনেক বাদামী জীর্ণ পাতা
উড়ে গেছে; বেবিলনে এক-একা এমনই হেঁটেছি আমি রাতের ভিতর
কেন যেন; আজো আমি জানিনাকো হাজার-হাজার ব্যস্ত বছরের পর।
![পথ হাঁটা কবিতা - জীবনানন্দ দাশ [ জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ] 2 BanglaGOLN.com Logo 252x68 px White পথ হাঁটা কবিতা - জীবনানন্দ দাশ [ জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ]](https://banglagoln.com/wp-content/uploads/2022/07/BanglaGOLN.com-Logo-252x68-px-White.png)
![পথ হাঁটা কবিতা - জীবনানন্দ দাশ [ জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ] 1 পথ হাঁটা কবিতা - জীবনানন্দ দাশ [ জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা ]](https://banglagoln.com/wp-content/uploads/2024/03/পথ-হাঁটা-কবিতা.gif)